বিশ্বজুড়ে ২০৩০ সালের মধ্যে ৩০ কোটি বাড়িতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার বৈশ্বিক উদ্যোগে যুক্ত হয়েছে বাংলাদেশ। এ উদ্যোগের অংশ হিসেবে দেশে ৫ হাজার ৫০০ মেগাওয়াট ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে প্রস্তাবিত অর্থায়ন পরিকল্পনায় দেশীয় উৎসের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ মঙ্গলবার (১০ নভেম্বর) বৈশ্বিক রুফটপ সোলার ঘোষণায় সমর্থন জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে এ উদ্যোগে যুক্ত হয়েছে কেনিয়া, নাইজেরিয়া ও ভানুয়াতু। এর আগে ঘোষণাটিতে সমর্থন জানিয়েছিল অস্ট্রেলিয়া।বৈশ্বিক এ উদ্যোগের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে সৌরবিদ্যুৎ ব্যবহারকারী পরিবারের সংখ্যা দ্বিগুণ করে অন্তত ৩০ কোটিতে উন্নীত করা। বর্তমানে বিশ্বে প্রায় ১৫ কোটি বাড়িতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা রয়েছে। এ সংখ্যা বাড়াতে সৌরবিদ্যুৎ স্থাপনের খরচ কমানো, অনুমোদনপ্রক্রিয়া সহজ করা, বিদ্যুৎ গ্রিডের আধুনিকায়ন এবং দক্ষ জনবল তৈরিতে গুরুত্ব দেওয়া হচ্ছে।ঘোষণায় সমর্থন জানিয়ে বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ বলেন, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ ৫ হাজার ৫০০ মেগাওয়াট ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্য বাস্তবায়নে প্রাথমিক পরিকল্পনায় প্রায় ৮ লাখ ৭০ হাজার ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের কথা রয়েছে।প্রস্তাবিত ২০:৮০ অর্থায়ন পরিকল্পনা অনুযায়ী, প্রায় ১ লাখ ৭৪ হাজার ছাদে দেশীয় উদ্যোগে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হবে। বাকি ৬ লাখ ৯৬ হাজার ছাদে ব্যবস্থা স্থাপনে প্রয়োজন হবে আন্তর্জাতিক সহযোগিতা। এ জন্য বৈশ্বিক অংশীদারদের সহজ শর্তে অর্থায়ন, উন্নত প্রযুক্তি ও বিনিয়োগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের সচিব। তাঁর মতে, ছাদগুলোকে পরিচ্ছন্ন জ্বালানি উৎপাদনের পাশাপাশি অর্থনৈতিক সুযোগের উৎস হিসেবেও গড়ে তোলা সম্ভব।বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা এবং জ্বালানি সরবরাহের অনিশ্চয়তা দীর্ঘদিনের সমস্যা। বিশেষ করে জ্বালানি আমদানির বাড়তি ব্যয় ও সরবরাহসংকট বিদ্যুৎ উৎপাদন এবং অর্থনীতিতে চাপ তৈরি করছে। এমন পরিস্থিতিতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎকে জ্বালানির বিকল্প উৎস হিসেবে গুরুত্ব দেওয়া হচ্ছে।বৈশ্বিক ঘোষণাকে স্বাগত জানিয়ে ব্রাইট গ্রিন এনার্জি ফাউন্ডেশনের চেয়ারম্যান দীপাল সি বড়ুয়া বলেন, সম্প্রতি অফ-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনে পাকিস্তান বিশ্বে নজির স্থাপন করেছে। দেশটির অভিজ্ঞতা বাংলাদেশের মতো জ্বালানিসংকটে থাকা দেশগুলোর জন্য অনুপ্রেরণা হতে পারে।তিনি বলেন, পাকিস্তানের মতো বাংলাদেশও তীব্র জ্বালানিসংকটের মুখোমুখি। তবে সম্প্রতি নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সরকারের ইতিবাচক অবস্থান দেখা যাচ্ছে। সৌরবিদ্যুতের জন্য বিশেষ অধ্যাদেশ প্রণয়নের পাশাপাশি কর-সুবিধা, অর্থায়নব্যবস্থা ও বিশেষ তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।দীপাল বড়ুয়া আরও বলেন, এসব উদ্যোগের ফলে শিল্পকারখানা এবং জাতীয় গ্রিডের বাইরে থাকা পরিবারগুলোর মধ্যে সৌরবিদ্যুৎ ব্যবস্থার প্রসার ঘটছে। পরিকল্পনাগুলো কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ ঘনবসতিপূর্ণ ও জ্বালানিসংকটে থাকা অন্যান্য দেশের জন্য মডেল হতে পারে।তবে নবায়নযোগ্য জ্বালানির প্রসারে শুধু লক্ষ্যমাত্রা ঘোষণা যথেষ্ট নয় বলে মনে করেন নলেজ হাব ইনস্টিটিউটের সভাপতি ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম। তাঁর মতে, এ খাতে টেকসই অগ্রগতির জন্য দক্ষ দেশীয় সরবরাহব্যবস্থা গড়ে তোলা জরুরি।তিনি বলেন, নতুন সরকার নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর বিষয়ে রাজনৈতিক অঙ্গীকার দেখিয়েছে। বিভিন্ন নীতিগত ও বাস্তবায়নমূলক পদক্ষেপেও এর প্রতিফলন রয়েছে। তবে এলএনজি অবকাঠামো সম্প্রসারণ এবং বিদ্যুৎ উৎপাদনে দেশীয় কয়লা উত্তোলনের পরিকল্পনা সরকারের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি করতে পারে। দীর্ঘ মেয়াদে এসব উদ্যোগ আর্থিকভাবে টেকসই নাও হতে পারে।
Bangladeş, 2030 yılına kadar 300 milyon eve çatı üstü güneş enerjisi sağlamayı hedefleyen küresel girişime katıldı. Bu girişim kapsamında ülkede 5 bin 500 MW çatı üstü güneş enerjisi üretim kapasitesine ulaşılması amaçlanıyor.